Thursday, December 11, 2025

যশোরে বসতবাড়িতে হামলা–ভাঙচুর, চার দিন ধরে রাস্তায় অসহায় পরিবার!

যশোর সদরের মুরুলী পুকুরকুল আমতলা এলাকায় বসতভিটা দখল, হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে চার দিন ধরে রাস্তায় অবস্থান করছেন ফারজানা ইয়াসমিন তনু ও তার পরিবার। বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারজানা ইয়াসমিন তনু বলেন, গত ৩০ নভেম্বর অসুস্থ মাকে দেখতে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে যান তিনি। বিকেলে তার ৬ বছরের ছেলে রাফসান রাহিম সাইকেল চালাতে বের হলে পার্শ্ববর্তী বাড়ির নাজিমের ছেলে তানভির (১৭)সহ কয়েকজন সাইকেল নেওয়ার কথা বলে শিশুটির সঙ্গে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে রাফসানকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনার জেরে পূর্ব শত্রুতার সূত্র ধরে ওই পক্ষ তাদের পরিবারের ওপর হামলা চালায়।

তনু জানান, প্রথম হামলার পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করলেও পরে একই পক্ষ থানায় অভিযোগ করে এবং পুনরায় ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। আলী হোসেন নামে এক ব্যক্তির নেতৃত্বে ৩০–৪০ জন সন্ত্রাসী ঘর ভাঙচুর চালায়। এসময় তারা ১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা ও অগ্রণী ব্যাংকের একটি চেকবই লুট করে নিয়ে যায়। তারা বাধা দিলে হামলাকারীরা পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয়। পরিবারের সদস্যদের মারধর করে ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখা হয় বলেও অভিযোগ করেন তনু।

তনু অভিযোগ করেন, তাদের চার শতকের বসতভিটা মুরুলীর প্রধান সড়কের পাশে হওয়ায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছে। ২০১৬ সালেও তাঁর অন্তঃসত্ত্বা বোন লিজাকে মারধর করে গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া হয় বলেও উল্লেখ করেন তিনি। ফারজানা ইয়াসমিন তনু সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত আইনগত সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এসময় তার  স্বজনেরা উপস্থিত ছিলেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর