Thursday, December 11, 2025

যশোর জেনারেল হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন ,ভোগান্তি চরমে

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আজ বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মবিরতি পালন করা হয়। কেন্দ্রীয় এ কর্মসূচির অংশ হিসেবে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অবস্থান নিয়ে অর্ধদিবস কর্মসূচি পালন করেন। ফলে হাসপাতালের ফার্মেসি, প্যাথলজি, এক্স-রে এবং সিটি স্ক্যান বিভাগ সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকে। এতে রোগীসেবায় সাময়িক ভোগান্তি সৃষ্টি হয়। এ কর্মসূচিতে যশোরের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।

স্থানীয় পর্যায়ে কর্মসূচির সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন—হাসানুজ্জামান, জহুরুল ইসলাম, পারভেজ মোশারফ, রাজু আহমেদ, নুরুজ্জামান, মৃতুঞ্জয় রায়, আনিসুর রহমানসহ অন্যান্যরা।

আয়োজকদের দাবি, দীর্ঘদিন ধরে সমমানের অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মতো ১০ম গ্রেড বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকলেও তা কার্যকর হয়নি। ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করতে এ কর্মবিরতি পালন করা হচ্ছে বলেও জানান তারা। কর্মসূচিতে অর্ধশতাধিক টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অংশ নেন।

এদিকে, এসময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। তারা পরীক্ষা নিরীক্ষা করতে না পারায় প্রয়োজনীয় চিকিৎসককে ব্যবস্থা পত্র দেখাতে ব্যর্থ হন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর