যশোর সদরের পুলেরহাট বাজার থেকে অজ্ঞান পার্টির এক মূলহোতা আবু সাঈদ শেখ (৪১) কে গ্রেফতার করেছে র্যাব-৬। তিনি নড়াইল জেলার মীরাপাড়া (আটেরহাট) গ্রামের মৃত জব্বার শেখের পুত্র।
১৫ মে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোর ক্যাম্প অভিযান চালিয়ে তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাঈদ স্বীকার করেছেন, তিনি ও তার সহযোগীরা পথচারীদের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে মালামাল লুট করতেন।
র্যাব জানায়, তার বিরুদ্ধে প্রতারণা, চুরি, নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য ও সড়ক পরিবহন আইনে অন্তত ১০টি মামলা বিচারাধীন।
আটকের পর তাকে একটি মামলায় সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।







