নোয়াখালীর বেগমগঞ্জে একটি মেলায় নাগরদোলায় ঘুরতে গিয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী। অভিযোগ উঠেছে, তাঁর স্বামীই প্রকাশ্যে ছুরি চালিয়ে তাঁকে হত্যা করেছেন।
ঘটনাটি ঘটে সোমবার রাত আটটার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরস মাহফিলে। নিহত নারীর নাম লাকী বেগম (১৯)। তিনি উপজেলার কালাপোল এলাকার বেদে পল্লীর মনছুর আলীর মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম মো. শাকিব, যিনি সদর উপজেলার মান্নান নগরের বেদে পল্লীর মঙ্গল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেলার নাগরদোলায় ওঠার পর এক ব্যক্তি হঠাৎ পাশের নারীকে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে নেওয়া হয় নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লাকীর মা শেফালী বেগম জানান, এক বছর আগে লাকী ও শাকিবের বিয়ে হয়। ১৫ দিন আগে তারা বাবার বাড়িতে আসে। রোববার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং শাকিব লাকীর ফোন ভেঙে ফেলে। পরদিন সন্ধ্যায় মেলায় নিয়ে গিয়ে লাকীকে হত্যা করে বলে অভিযোগ করেন তিনি। শেফালী বেগম আরও জানান, লাকী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি শাকিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই এই হত্যাকাণ্ড। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।







