যশোরের নতুনহাট বাজার এলাকায় পূর্বশত্রুতার জেরে তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে। আহতদের যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
নতুনহাট বাজারে মোহাম্মদ আলমগীর হোসেনের ছেলে আসিফ করিম (২৫) কে অবরুদ্ধ করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে জহির (৪০), নুর ইসলাম (৪০), লিটন (৪৫), আলামিন (৩৫) ও ইমরান (২৩)। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শেষে বিষয়টি মীমাংসা করে। তবে পূর্ববিরোধের জেরে আজকে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।
আলমগীর হোসেনকে মারধর করলে শামীম রেজা (৩২) ও তানভীর হাসান (১৬) ঠেকাতে আসলে তাদেরও মারধর করা হয়। আহতরা হলেন, জাহাঙ্গীর আলমের ছেলে শামীম রেজা, আসাদুজ্জামানের ছেলে তানভীর হাসান (১৬), মৃত আজিজ সর্দারের ছেলে মোহাম্মদ আলমগীর হোসেন (৫৩)।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়, বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পরপরই থানার টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।







